সিরিয়ায় সম্ভাব্য হামলা: মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i55680-সিরিয়ায়_সম্ভাব্য_হামলা_মন্ত্রিসভার_বৈঠক_ডেকেছেন_ব্রিটিশ_প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার বিষয়ে তার সরকারের করণীয় নিয়ে আলোচনা করতে আজ (বৃহস্পতিবার) মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০১৮ ০৪:০৫ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
    ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার বিষয়ে তার সরকারের করণীয় নিয়ে আলোচনা করতে আজ (বৃহস্পতিবার) মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।

বিবিসি বলছে, সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা সম্পর্কে মার্কিন সরকার ও মিত্ররা যে হুমকি দিচ্ছে তার প্রতি সমর্থন দেয়া হবে কিনা তা নিয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। ধারণা করা হচ্ছে- ব্রিটিশ মন্ত্রীরা থেরেসা মে-কে সিরিয়া হামলায় অংশ নেয়ার অনুমতি দেবেন। বিবিসির কূটনৈতিক প্রতিনিধি জেমস ল্যান্ডালে বলছেন, যুদ্ধের জন্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর সামরিক আগ্রাসন চালাতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

কয়েকটি সূত্রের বরাত দিয়ে বিবিসি বলেছে, সংসদের অনুমোদন ছাড়াই থেরেসা মে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলায় অংশ নিতে পারেন। তবে এ ধরনের পদক্ষেপে ব্রিটেনের বিরোধী রাজনীতিকরা ক্ষুব্ধ হতে পারেন  বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিরিয়ার পূর্ব গৌতার দুমা শহরে রাসায়নিক হামলার অভিযোগ তুলে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স আরব দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে। তবে সিরিয়া ও তার মিত্র রাশিয়া এবং ইরান রাসায়নিক হামলার অভিযোগ ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী তার ভাষায় বলছেন, “সমস্ত লক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে, দুমা শহরে রাসায়নিক হামলা হয়েছে।” একই ধরনের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা রাসায়নিক হামলার দাবি করলেও এ পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেন নি এমনকি রাসায়নিক হামলার ঘটনা তদন্ত করার জন্য রাশিয়া যে আহ্বান জানিয়েছে তাতেও সাড়া দেয় নি। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ ব্যবস্থা না নিলে আমেরিকা একাই ব্যবস্থা নেবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২