ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i56400-ইরানের_পরমাণু_সমঝোতার_প্রতি_সমর্থন_পুনর্ব্যক্ত_করল_পাকিস্তান
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বৃহস্পতিবার সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এ সমর্থন ঘোষণা করেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২৭, ২০১৮ ০৪:১৯ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল
    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বৃহস্পতিবার সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এ সমর্থন ঘোষণা করেন।

তিনি ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র ব্যাপারে ইসলামাবাদের অবস্থান ঘোষণা করে বলেন, এটি একটি আন্তর্জাতিক চুক্তি এবং সব দেশকে এটি মেনে চলতে হবে।  মোহাম্মাদ ফয়সাল পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে এটিতে স্বাক্ষরকারী সব দেশের প্রতি আহ্বান জানান।

২০১৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া সই করেছিল। এ সমঝোতায় উপনিত হতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনায় মধ্যস্থতা করে ইউরোপীয় ইউনিয়ন।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ঘোষণা অনুযায়ী ইরান পরমাণু সমঝোতার সব ধারা বাস্তবায়ন করেছে; কাজেই অন্য পক্ষগুলোর উচিত এ সমঝোতা পুরোপুরি মেনে চলা।

২০১৬ সালের জানুয়ারি মাস থেকে এ সমঝোতা বাস্তবায়ন শুরু হলেও এতে স্বাক্ষরকারী অন্যতম দেশ আমেরিকা এটি পুরোপুরি বাস্তবায়ন করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সমঝোতায় পরিবর্তন আনার আহ্বান জানিয়ে হুমকি দিয়েছেন, তার কাঙ্ক্ষিত পরিবর্তন আনা না হলে আমেরিকাকে তিনি এ সমঝোতা থেকে বের করে নেবেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭