উত্তর কোরিয়াকে অবিলম্বে পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে: পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i56684-উত্তর_কোরিয়াকে_অবিলম্বে_পরমাণু_অস্ত্র_ধ্বংস_করতে_হবে_পম্পেও
উত্তর কোরিয়াকে অবিলম্বে পরমাণু অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদরদপ্তরে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে পম্পেও এ আহ্বান জানান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৩, ২০১৮ ০২:১৭ Asia/Dhaka
  • কিম জং-উনের সঙ্গে মাইক পম্পেও\'র গোপন সাক্ষাতের এই ছবিটি ওয়াশিংটন ২৮ এপ্রিল প্রকাশ করে
    কিম জং-উনের সঙ্গে মাইক পম্পেও\'র গোপন সাক্ষাতের এই ছবিটি ওয়াশিংটন ২৮ এপ্রিল প্রকাশ করে

উত্তর কোরিয়াকে অবিলম্বে পরমাণু অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদরদপ্তরে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে পম্পেও এ আহ্বান জানান।

সাবেক সিআইএ প্রধান মাইক পম্পেও বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করার প্রক্রিয়া এখনো শুরু হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র এমনভাবে ধ্বংস করার ব্যবস্থা করতে হবে যাতে দেশটি আবার তা বানাতে না পারে এবং পুরো প্রক্রিয়া হতে হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সামনে।

গতমাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে পিয়ংইয়ং-এ গোপনে সাক্ষাৎ করেন পম্পেও। সেখানে কিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে নিজের সম্মতির কথা জানান।

গত শুক্রবার দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে সাক্ষাৎ করেন দুই কোরিয়ার শীর্ষ নেতারা

এ ছাড়া, গত শুক্রবার কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই কোরিয়ার শীর্ষ নেতারা কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে যৌথভাবে কাজ করার ঘোষণা দেন।

ওইদিনের আগ পর্যন্ত আমেরিকা উত্তর কোরিয়ার প্রতি তার পরমাণু অস্ত্র ধ্বংস করার যে আহ্বান জানিয়ে আসছিল তা প্রত্যাখ্যান করে যাচ্ছিল পিয়ংইয়ং। এবার উত্তর কোরিয়া নিজের পরমাণু অস্ত্র ধ্বংস করতে সম্মত হওয়ার পর সে কাজ অবিলম্বে শুরু করার আহ্বান জানাল মার্কিন সরকার। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩