আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ তালেবান জঙ্গি নিহত
https://parstoday.ir/bn/news/world-i56836-আফগানিস্তানে_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_৩১_তালেবান_জঙ্গি_নিহত
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩১ তালেবান জঙ্গি নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৮ ০২:০০ Asia/Dhaka
  • আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ তালেবান জঙ্গি নিহত

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩১ তালেবান জঙ্গি নিহত হয়েছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের আন্দার জেলার একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত জওয়ানদের ওপর তালেবানরা হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

রাজধানী কাবুল থেকে ১৫৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আন্দার এলাকার ওই সংঘর্ষের সময় একটি বাড়িতে মর্টার শেলের আঘাতে দুই বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন।

আফগানিস্তানে তৎপর তালেবান জঙ্গি (ফাইল ছবি)

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মাদ আরিফ নুরি বলেছেন, তালেবানরা একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ নেয়ার জন্য সেখানকার কয়েকটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালিয়ে তালেবান জঙ্গিদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

এদিকে গজনি প্রদেশের আরেকটি মহাসড়কে এক বিস্ফোরণে আরো দুই তালেবান সদস্য নিহত হয়েছে।

তিন সপ্তাহ আগে তালেবান জঙ্গিরা গজনি প্রদেশের খাজা ওমারি জেলায় হামলা চালিয়ে সেখানকার জেলা প্রশাসকসহ ১৫ ব্যক্তিকে হত্যা করে। তারা জেলা প্রশাসকের প্রধান কার্যালয়ে আগুন লাগিয়ে সেটিকে সম্পূর্ণ পুড়িয়ে ফেলে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬