আফগানিস্তানের মসজিদে তালেবানের বোমা হামলায় নিহত ১৯
https://parstoday.ir/bn/news/world-i56892-আফগানিস্তানের_মসজিদে_তালেবানের_বোমা_হামলায়_নিহত_১৯
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি মসজিদে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের বোমা হামলায় অন্তত ১৯ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক মুসল্লি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০১৮ ০১:৫২ Asia/Dhaka
  • আফগানিস্তানের মসজিদে বোমা হামলা (ফাইল ছবি)
    আফগানিস্তানের মসজিদে বোমা হামলা (ফাইল ছবি)

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি মসজিদে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের বোমা হামলায় অন্তত ১৯ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক মুসল্লি।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র বাসির বিনা জানিয়েছেন, মুসল্লিরা রোববার সন্ধায় মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হলে সেখানে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

মসজিদটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় বলে জানিয়েছেন বাসির বিনা। আগামী অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রাদেশকি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বোমাটি হয়ত আগে থেকে মসজিদে পেতে রাখা হয়েছিল। জঙ্গিদের পক্ষ থেকে এটি আত্মঘাতী হামলা ছিল না বলে তিনি জানান।

খোস্ত প্রদেশের পুলিশ প্রধান আব্দুল হানান বলেছেন, তিনি মনে করছেন, মসজিদের ভেতর ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেসব তাবু স্থাপন করা হয়েছে সেগুলোর কোনো একটির ভেতরে তালেবান বোমাটি পেতে রেখেছিল।

কোনো জঙ্গি গোষ্ঠী খোস্ত প্রদেশের মসিজদে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা সাধারণত তালেবান জঙ্গি গোষ্ঠী চালিয়ে থাকে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭