২ বছরের মধ্যে সরে দাঁড়াবেন মাহাথির; আগামীকাল মুক্তি পাবেন আনোয়ার
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, তিনি এক বা দু'বছর পর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। ওয়ালস্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
আজ(মঙ্গলবার) ভিডিও লিংকের মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে প্রধানমন্ত্রী হিসেবে হয়ত এক বা দুই বছর দায়িত্ব পালন করবো। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর পর্দার আড়াল থেকে মালয়েশিয়ার পরিচালনায় ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি। অবশ্য, কখন প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন সে কথা স্পষ্ট করে এখনো বলেননি তিনি।
আগামীকাল কারারুদ্ধ আনোয়ার ইব্রাহিম মুক্তি পেতে পারেন বলেও জানান তিনি। মুক্তি পাওয়ার পর সংসদীয় আসনে নির্বাচিত হতে হবে এবং তারপরই তাঁকে মন্ত্রিসভার সদস্য করা হতে পারে বলেও জানান মাহাথির। সমকামিতা ও দুর্নীতির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করছেন আনোয়ার ইব্রাহিম।
বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতা মাহাথির। ৯২ বছর বয়সী এ নেতার সরে দাঁড়ানোর অন্যতম কারণ স্বাস্থ্য বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের ৯ তারিখে তার নেতৃত্বাধীন চার দলীয় জোট নাজিব রাজ্জাককে নির্বাচনে হারিয়ে দিয়ে ঐতিহাসিক বিজয় লাভ করেছে।
পার্সটুডে/মূসা রেজা/১৫