পরমাণু সমঝোতার প্রতি চীন ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ
-
ইয়াং ই এবং মোগেরিনি
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে সই হওয়া আন্তর্জাতিক পরমাণু সমঝোতা মেনে চলতে ইইউ জোট ও চীন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
গতকাল (শুক্রবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মোগেরিনি একথা বলেন। ৮ মে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইইউ এবং চীনের মধ্যে কৌশলগত সংলাপের পর তারা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
মোগেরিনি আরো বলেন, “প্রকৃতপক্ষে আমরা এই পরমাণু সমঝোতা এগিয়ে নিতে একশ ভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে স্বাক্ষরকারী দেশ হিসেবে আমি রাশিয়াকেও যুক্ত করতে চাই। এছাড়া, আন্তর্জাতিকভাবে যেসব দেশ এ সমাঝতো মেনে চলতে চায় ও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চায় তারাও এর মধ্যে রয়েছে।”
মোগেরিনি জানান, পরমাণু সমঝোতা অব্যাহতভাবে পরিপূর্ণ বাস্তবায়নের মৌলিক বিষয়াবলী নিয়ে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। আগামী সপ্তাহগুলোতে চীন এ সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে নেতৃস্থানীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, ইরান যাতে এ সমঝোতা থেকে পূর্ণ সুবিধা পেতে পারে তার নিশ্চয়তা দেয়ার বিষয় নিয়েও তারা কথা বলেছেন। মোগেরিনি জানান, ইউরোপীয় দেশগুলো ও বিশ্বের অন্যান্য স্থান থেকে ইরানে যে বিনিয়োগ করা হয়েছে তা যাতে সুরক্ষিত থাকে সে বিষয়ে নিশ্চয়তা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২