মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করল ইইউ
মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত আজ (শুক্রবার) থেকে কার্যকর করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলতি মাসের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর স্টিল পণ্যে ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন।এরপরই পাল্টা পদক্ষেপের ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার সিসিলিয়া ম্যালমস্ট্রম সাংবাদিকদের বলেছেন, আমরা এই অবস্থানে আসতে চাইনি। ইউরোপীয় ইউনিয়নের স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে আমেরিকার একতরফা ও অহেতুক শুল্ক আরোপের কারণে আমাদের এ অবস্থানে আসতে হয়েছে।
আমেরিকান পণ্যে শুল্ক আরোপের তালিকা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যেখানে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ইউরো সমমূল্যের শুল্ক আরোপ করা হবে। এ তালিকায় কৃষি পণ্য থেকে হুইস্কি, মোটরবাইক, স্টিল পণ্য রয়েছে। কৃষিপণ্যের মধ্যে রয়েছে চাল ও অরেঞ্জ জুস।
সিসিলিয়া ম্যালমস্ট্রম আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের শুল্ক আরোপের সিদ্ধান্ত আনুপাতিক, যৌক্তিক এবং তা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম বর্হিভূত নয়।
চীন, কানাডা ও মেক্সিকোর মতো আরও কয়েকটি দেশ পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। অনেকেই বলছেন, ট্রাম্প কার্যত বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২