থাইল্যান্ডের গুহায় আটকা পড়া ১২ শিশু ফুটবলারের সন্ধান লাভ
-
ব্রিটিশ উদ্ধারকারীরা খোঁজ পাওয়া কিশোর ফুটবল দলের এই ছবি প্রকাশ করেছে
নয় দিন পর অবশেষে থাইল্যান্ডের একটি পাহাড়ের গুহায় আটকা পড়া ১২ শিশু ফুটবলার ও তাদের কোচের সন্ধান পাওয়া গেছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবাই বেঁচে আছে। উদ্ধারকারীরা এখন তাদের বের করে আনার চেষ্টা করছেন।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে গত ২৩ জুন নিখোঁজ হয় ওই ১৩ জন। তাদের মধ্যে ১২ কিশোরের বয়স ১১ বছর থেকে ১৬ বছরের মধ্যে। আর তাদের সহকারী কোচ এক্কাপোল জানথাওংয়ের বয়স ২৫ বছর। তারা মু পা নামের একটি ফুটবল দলের সদস্য।
১০ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং গুহাটি থাইল্যান্ডের দীর্ঘতম গুহা। কম প্রশস্ত আর অনেকগুলো প্রকোষ্ঠ থাকায় গুহার ভেতর চলাচল করা কঠিন।
২৩ জুন একটি প্রশিক্ষণ পর্বের পর ওই ১৩ জন গুহার ভেতর প্রবেশ করে। এরপর ভারী বর্ষণ আর কাদার কারণে থাম লুয়াংয়ের প্রবেশমুখ বন্ধ হয়ে যায়। ভেতরে আটকা পড়ে তারা। এরপর থেকে ওই কিশোরদের উদ্ধারে দেশটির নৌবাহিনীসহ উদ্ধার অভিযানে যোগ দেন ব্রিটেন থেকে যাওয়া ডুবুরিরাও। শেষ পর্যন্ত ব্রিটেনের দুই উদ্ধারকর্মী শিশু ফুটবলারদের খোঁজ পান।
চিয়াং রাইয়ের প্রাদেশিক গভর্নর নারোংসাক ওসোত্তানাকর্ন গতকাল সাংবাদিকদের বলেন, উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৩ জনকে নিরাপদ অবস্থায় খুঁজে পেয়েছেন। এখন চলছে উদ্ধার অভিযান। তবে এর মধ্যেই তাদের কাছে যেভাবেই হোক খাবার পৌঁছানো হবে। বেশ কয়েক দিন ধরে তারা না খেয়ে রয়েছে। এ ছাড়া ডুবুরির প্রশিক্ষণ রয়েছে এমন একজন চিকিৎসককেও পাঠানো হবে তাদের কাছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩