নওয়াজের ১০ ও মরিয়মের ৭ বছরের জেল
https://parstoday.ir/bn/news/world-i59869-নওয়াজের_১০_ও_মরিয়মের_৭_বছরের_জেল
পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট আজ (শুক্রবার) দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছর ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। তাদের সঙ্গে মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে দেওয়া হয়েছে এক বছরের কারাদণ্ড।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০৬, ২০১৮ ১৫:৪১ Asia/Dhaka
  • নওয়াজের ১০ ও মরিয়মের ৭ বছরের জেল

পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট আজ (শুক্রবার) দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছর ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। তাদের সঙ্গে মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে দেওয়া হয়েছে এক বছরের কারাদণ্ড।

কারাদণ্ডাদেশের পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে। বর্তমানে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম লন্ডনে অবস্থান করছেন। নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন। এ কারণে নওয়াজ ও মরিয়ম এই রায় অন্তত সাত দিন পিছিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। কিন্তু আদালত শুক্রবারই রায় ঘোষণা করেছে।

লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে নওয়াজ শরিফের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। তবে নওয়াজ শরিফ বরাবরই দুর্নীতির এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। নব্বইয়ের দশকে লন্ডনে পার্ক লেনের অ্যাভেনফিল্ড হাউসে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনে নওয়াজের পরিবার।

পাকিস্তানের জাতীয় জবাবদিহি সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা এনএবি'র কৌঁসুলি আদালতকে বলেছেন, নওয়াজ এসব ফ্ল্যাট কেনার অর্থের বৈধ আয় দেখাতে পারেননি। যদিও নওয়াজের পরিবারের দাবি, বৈধ আয়ের অর্থ দিয়ে এসব ফ্ল্যাট কিনেছেন তারা। আদালতের রায়ে বলা হয়েছে, ফ্ল্যাট কেনার অর্থের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন নওয়াজ। পাকিস্তানে সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এ রায় ঘোষণা করা হলো। আগামী ২৫ সেখানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬