বিশ্বকাপ: হেরে গিয়ে কী বললেন পুতিন
-
পুতিন
বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর গ্যালারিতে অনেক রুশ দর্শককে কাঁদতে দেখা গেছে। রুশ দর্শকরা কষ্ট পেয়েছেন এটাই স্বাভাবিক। কিন্তু তাদের এ পরাজয়েও রয়েছে গর্ব করার মতো অনেক কিছু। ক্রোয়েশিয়ার সঙ্গে গতরাতের ম্যাচে মোট ১২০ মিনিট ২-২ গোলে সমানতালে খেলেছে রুশ স্কোয়াড। এরপর তারা হেরেছে টাইব্রেকারে।
বিশ্বকাপে এবার অংশ নেওয়া দলগুলোর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে রাশিয়ার অবস্থান ছিল তলানিতে। এ অবস্থা থেকে রাশিয়া কোয়ার্টার ফাইনালে উঠবে তা অনেকে ভাবতেই পারে নি। এ কারণে নিজের ফুটবল দলকে নিয়ে গর্ব করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
তিনি রুশ ফুটবল টিমকে নায়কের দল হিসেবে অভিহিত করেছেন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, "তিনি (পুতিন) খেলা দেখেছেন এবং দলকে সমর্থন দিয়ে গেছেন। দারুণ খেলেই আমরা বিদায় নিয়েছি। ওরা এখনো আমাদের নায়ক। জীবন দিয়ে খেলেছে, আমরা তাদের নিয়ে গর্বিত।"
গতরাতে সোচির ফিস্ট স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখেন নি পুতিন। তবে টেলিভিশনের পর্দায় খেলা দেখেছেন বলে জানিয়েছেন পেসকভ।
রাশিয়া এবারের ফুটবল বিশ্বকাপের আয়োজক। চমৎকার আয়োজনের পাশাপাশি ফুটবল দল হিসেবেও প্রশংসনীয় খেলা দেখিয়েছে রুশরা।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮