গুহা থেকে ৮ কিশোরকে উদ্ধার; বাকি ৫ জনের উদ্ধার অভিযান আজ
https://parstoday.ir/bn/news/world-i59947-গুহা_থেকে_৮_কিশোরকে_উদ্ধার_বাকি_৫_জনের_উদ্ধার_অভিযান_আজ
থাইল্যান্ডের উদ্ধারকর্মীরা গতকাল (সোমবার) বহুল আলোচিত পাহাড়ের গুহায় আটকে পড়া আরো চার কিশোরকে উদ্ধার করেছেন। এর ফলে দুই সপ্তাহেরও বেশি সময় আগে আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচসহ ১৩ জনের মধ্যে আট জনকে উদ্ধার করা সম্ভব হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০১৮ ০১:৩১ Asia/Dhaka
  • গুহা থেকে ৮ কিশোরকে উদ্ধার; বাকি ৫ জনের উদ্ধার অভিযান আজ

থাইল্যান্ডের উদ্ধারকর্মীরা গতকাল (সোমবার) বহুল আলোচিত পাহাড়ের গুহায় আটকে পড়া আরো চার কিশোরকে উদ্ধার করেছেন। এর ফলে দুই সপ্তাহেরও বেশি সময় আগে আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচসহ ১৩ জনের মধ্যে আট জনকে উদ্ধার করা সম্ভব হলো।

রোববার প্রথম উদ্ধার অভিযান চালিয়ে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহা থেকে চারজনকে বাইরে বের করে আনা হয়েছিল।  আটকে পড়া কিশোররা স্থানীয় একটি ফুটবল দলের সদস্য এবং তারা একটি ফুটবল ম্যাচ শেষে গুহাটি পরিদর্শনে ঢুকেছিল। কিন্তু তারা এর মধ্যে ঢোকার পর প্রবল বর্ষণ শুরু হয় যার ফলে তাদের ফেরার পথ বৃষ্টির পানিতে বন্ধ হয়ে যায়।

এসব কিশোরকে নিরাপদে বের করে আনতে কয়েক মাস সময় লাগবে বলে প্রথমে ধারণা করা হলেও সামনে বর্ষা মওসুম থাকায় গুহার ভেতরের পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে ধরে নিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে বের করার সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার উদ্ধারকারী দলের প্রধান ন্যারোংসাক ওসোত্তানাকর্ন সাংবাদিকদের জানান, “দ্বিতীয় দফায় বের করে আনার চার শিশুর সবাই সুস্থ আছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

উদ্ধার হওয়া শিশুদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়

এখন পর্যন্ত উদ্ধার হওয়া শিশুদের নাম ঘোষণা কিংবা তাদের কোনো ছবি প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এর কারণ হিসেবে তারা বলছেন, এখনো আটকে পড়া শিশুদের অভিভাবকদের মানসিক অবস্থার কথা বিচেনা করে উদ্ধার হওয়া শিশুদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

দু’দিনে আটজনকে বের করার পর মঙ্গলবার একসঙ্গে বাকি পাঁচজনকে বের করা হবে কিনা জানতে চাইলে ন্যারোংসাক বলেন, “আমরা চারজন করে বাইরে আনার পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। যদি একসঙ্গে পাঁচজনকে উদ্ধার করতে হয় তাহলে পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে।”

তিনি বলেন, রোববারের চেয়ে সোমবারের উদ্ধার অভিযান ছিল তুলনামূলক সহজ এবং এতে দুই ঘণ্টা সময় কম লেগেছে। উদ্ধারকর্মীরা বিষয়টিতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এমনটি হয়েছে বলে তিনি জানান।  সোমবার থাই প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান-ওচা উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণের জন্য গুহার প্রবেশমুখ পরিদর্শন করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০