ইরানের সঙ্গে বাণিজ্য সুরক্ষা পেতে বিশেষ আইনের অনুমোদন দিল ইইউ
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইউরোপের রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা বিষয়ক একটি আইন অনুমোদন করেছে যার মাধ্যমে ইউরোপের কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করতে পারবে।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোগেরিনি সাংবাদিকদের বলেন, "আজ ইউরোপীয় কাউন্সিল নিষেধাজ্ঞা বিষয়ক আইনটি অনুমোদন করেছে।" আইনটি ১৯৯৬ সালে পাস করা হয়েছিল। এই আইনের ফলে তৃতীয় দেশের মাধ্যমে গৃহিত আন্তঃরাষ্ট্রীয় পদক্ষেপকে ইউরোপীয় কোম্পানিগুলো পাশ কাটানোর সুযোগ পাবে।
মোগেরিনি গতকাল (সোমবার) বলেন, ইউরোপীয়ান সংসদ দুই সপ্তাহ আগে এই আইনের অনুমোদন দিয়েছে। এর ফলে ইরানের সঙ্গে বাণিজ্যে লিপ্ত ইউরোপের কোম্পানীগুলো আইনি সুবিধা পাবে।

আগামী ৬ আগস্ট থেকে এ আইন কার্যকর করা হবে যখন ইরানের বিরুদ্ধে প্রথম দফা মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন হতে যাচ্ছে। এই আইনের আওতায় মার্কিন পদক্ষেপের মুখে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলো ক্ষতিপূরণ আদায় করতে পারবে এবং তারা আদালতের নিষেধাজ্ঞাও এড়িয়ে চলতে পারবে।
২০১৫ সালে ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা যাতে ইরান মেনে চলে সে জন্য তেহরানকে উৎসাহিত করতে ইউরোপীয় ইউনিয়ন প্রথমবারের মতো বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৭