অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট দোস্তাম
https://parstoday.ir/bn/news/world-i60263-অল্পের_জন্য_প্রাণে_রক্ষা_পেলেন_আফগান_ভাইস_প্রেসিডেন্ট_দোস্তাম
আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে শক্তিশালী বোমা হামলায় প্রায় এক ডজন মানুষ নিহত ও অপর অন্তত ১৪ জন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০১৮ ০১:০৯ Asia/Dhaka
  • আব্দুর রশিদ দোস্তাম
    আব্দুর রশিদ দোস্তাম

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে শক্তিশালী বোমা হামলায় প্রায় এক ডজন মানুষ নিহত ও অপর অন্তত ১৪ জন আহত হয়েছে।

তুরস্ক থেকে এক বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে প্রত্যাবর্তনকারী ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ দোস্তামকে স্বাগত জানাতে আসা শত শত মানুষের মধ্যে এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

কাবুল পুলিশ মুখপাত্র হাশমত স্তানেকজাই বলেছেন, বিমানবন্দরের প্রধান প্রবেশপথের কাছে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের কয়েক মিনিট আগে জেনারেল দোস্তাম মোটর শোভাযাত্রার সঙ্গে ওই পথ দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

বিস্ফোরণে আহত এক নিরাপত্তা কর্মীকে উদ্ধার করছেন সহকর্মীরা

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, নিহতদের মধ্যে  একজন পুলিশ ছাড়া বাকি সবাই বেসামরিক নাগরিক যাদের মধ্যে একটি শিশু রয়েছে। হামলায় আব্দুর রশিদ  দোস্তামের কোনো ক্ষতি হয়নি বলে তার মুখপাত্র বশির আহমাদ তায়াঞ্জ জানিয়েছেন।

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

আফগানিস্তানের জুযজান প্রদেশের সাবেক গভর্নর আহমাদ আইশচি’র সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে মনোমালিন্যের জের ধরে গত বছর জেনারেল দোস্তামকে তুরস্কে অনানুষ্ঠানিক নির্বাসনে পাঠায় কাবুল সরকার।

দোস্তামের প্রভাবাধীন আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কয়েকটি প্রদেশে সাম্প্রতিক সহিংস বিক্ষোভের জের ধরে প্রেসিডেন্ট আশরাফ গনি দোস্তামকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩