আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠানো ঠেকালেন সুইডিশ ছাত্রী
https://parstoday.ir/bn/news/world-i60338-আফগান_শরণার্থীকে_দেশে_ফেরত_পাঠানো_ঠেকালেন_সুইডিশ_ছাত্রী
আফগানিস্তনের একজন শরণার্থীকে দেশে পাঠানো থেকে রক্ষা করেছেন সুইডেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ২৫, ২০১৮ ২২:৩৫ Asia/Dhaka
  • এলিন এরসন
    এলিন এরসন

আফগানিস্তনের একজন শরণার্থীকে দেশে পাঠানো থেকে রক্ষা করেছেন সুইডেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

আফগান ওই নাগরিককে বিমানে করে দেশে পাঠানো হচ্ছিল কিন্তু এলিন এরসন নামের এ ছাত্রী তাতে বাধা দেন এবং একাই বিমানের ক্রু এবং অন্য যাত্রীদের সঙ্গে লড়াই করে শারণার্থী ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দিতে সক্ষম হন। ফলে আপাতত আফগান শরণার্থীকে দেশে পাঠাতে পারে নি সুইডেনের নিরাপত্তা বাহিনী।

এলিন এরসন সুইডেনের গোথেনবার্গ থেকে বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল শহরে যাচ্ছিলেন। বিমানে উঠে তিনি দেখতে পান আফগান ওই নাগরিককে বহিষ্কার করা হচ্ছে। তখন এলিন তার আসনে না বসে প্রতিবাদ শুরু করেন এবং যতক্ষণ পর্যন্ত আফগান নাগরিককে বিমান থেকে নামানো না হয় ততক্ষণ পর্যন্ত এলিন প্রতিবাদ অব্যাহত রাখেন।

বিমানের নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত কোনো যাত্রী আসনে না বসবেন ততক্ষণ বিমান উড়তে পারবে না।

এলিন বলেন, “আমি চাই না একজন মানুষের জীবন বিপন্ন হোক। এই লোকটিকে বিমান থেকে নামিয়ে না দেয়া পর্যন্ত আমি আসনে বসব না। এই ব্যক্তিকে বহিষ্কার করা ঠেকাতে আমি সবকিছু করব তারপর দেশের আইনকে সহযোগিতা করব।”

এ সময় এক ব্রিটিশ যাত্রী এলিনের ওপর ক্ষিপ্ত হন। তখন এলিন তাকে বলেছেন, “একজন মানুষের জীবন গুরুত্বপূর্ণ নাকি আপনার সময় বেশি গুরুত্বপূর্ণ? আমি চাই ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দেয়া হোক কারণ তিনি আফগানিস্তানে নিরাপদ নন; তাকে হত্যা করা হবে। আমি আমার দেশের আইন পরিবর্তনের চেষ্টা করছি। আমি এসব আইন পছন্দ করি না; একজন মানুষকে দোজখে পাঠানো ঠিক নয়।” এরপর বিমান থেকে আফগান শরণার্থী ও তিন নিরাপত্তা কর্মী নেমে যান।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫