ইমরানের প্রার্থীই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী; শরিফ পরিবারের পরাজয়
-
ইমরান খান ও ওসমান বুযদার (বামে)
পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনীত প্রার্থী ওসমান বুযদার দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাদেশিক পরিষদে তার পক্ষে ভোট দিয়েছেন ১৮৬ জন সদস্য। তার প্রতিদ্বন্দ্বী হামজা শাহবাজ শরিফ পেয়েছেন ১৫৯ ভোট। হামজা শাহবাজ শরিফ হচ্ছেন নওয়াজ শরিফের মুসলিম লীগ বা পিএমএল-এনের বর্তমান সভাপতি শাহবাজ শরিফের ছেলে।
এর মধ্যদিয়ে শরিফ পরিবারের ঘাঁটি বলে পরিচিত পাঞ্জাবেও নিজেদের সুদৃঢ় অবস্থান তুলে ধরেছে ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই। আজ মুখ্যমন্ত্রী নির্বাচনে প্রাদেশিক পরিষদের ৩৫৪ সদস্যের মধ্যে ৩৪৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিলওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপল'স পার্টি বা পিপিপি'র সদস্যরা মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন।
আজকের অধিবেশনে নওয়াজের মুসলিম লীগের সদস্যরা কালো ব্যাজ ধারণ করেন এবং ২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করেন।
ভোটাভুটি শেষে নয়া মুখ্যমন্ত্রী ওসমান বুযদার তার প্রথম ভাষণে বলেন, তিনি সুশাসন নিশ্চিত করবেন। তিনি আরও বলেছেন, "যারা আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের বলতে চাই আমার যোগ্যতা হলো আমি পাঞ্জাবের দরিদ্র এলাকার মানুষ। আমি দরিদ্র এলাকার মানুষের সমস্যা বুঝতে পারি। এটাই আমার যোগ্যতা।"#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন