যুদ্ধ চলছে; মার্কিন কোম্পানির কাছ থেকে পরামর্শ নেবেন না: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i64834-যুদ্ধ_চলছে_মার্কিন_কোম্পানির_কাছ_থেকে_পরামর্শ_নেবেন_না_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মন্ত্রিসভার সদস্যদেরকে মার্কিন পরামর্শক কোম্পানি ‘ম্যাককিনসে এন্ড কোম্পানি’র কাছ থেকে পরামর্শ গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে বর্তমানে তুরস্কের অর্থনৈতিক যুদ্ধ চলছে; কাজেই শত্রুর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা যাবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৭, ২০১৮ ০৩:১৬ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মন্ত্রিসভার সদস্যদেরকে মার্কিন পরামর্শক কোম্পানি ‘ম্যাককিনসে এন্ড কোম্পানি’র কাছ থেকে পরামর্শ গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে বর্তমানে তুরস্কের অর্থনৈতিক যুদ্ধ চলছে; কাজেই শত্রুর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা যাবে না।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এরদোগান বলেন, তিনি তার মন্ত্রীদের বলে দিয়েছেন তারা যেন আমেরিকার কনসাল্টিং ফার্মের কাছ থেকে পরামর্শ গ্রহণের পরিবর্তে অভ্যন্তরীণ সক্ষমতার দিকে বেশি নজর দেন।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে, তুরস্কের চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে দেশটির কর্তৃপক্ষ নিউ ইয়র্ক-ভিত্তিক কনসালটিং ফার্ম ‘ম্যাককিনসে’র শরনাপন্ন হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত তুরস্কের জাতীয় মুদ্রা লিরার মান শতকরা ৪০ ভাগ নেমে গেছে। দেশটির সরকার বিরোধী দলগুলো এ ঘটনার সরকারের তীব্র সমালোচনা করে বলেছে, মার্কিন কোম্পানির কাছে দেশের অর্থনৈতিক গোপন তথ্য হস্তান্তরের কারণেই লিরার মানের অবনমন হয়েছে।

এর আগে তুরস্কের অর্থমন্ত্রী ও প্রেসিডেন্ট এরদোগানের জামাতা বেরাত আলবাইরাক গত বৃহস্পতিবার বলেছিলেন, তুর্কি সরকার মার্কিন কোম্পানির সহযোগিতা গ্রহণের সিদ্ধান্ত নিলেও এটিকে কোনো নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হয়নি। বিদেশি পরামর্শক কোম্পানির কাছ থেকে সহযোগিতা গ্রহণ করা একটি স্বাভাবিক ঘটনা বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭