নিখোঁজ সাংবাদিকের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে আবারো তলব করল তুরস্ক
-
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কন্স্যুলেট
সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগি সৌদি কন্স্যুলেটের ভেতরে নিখোঁজ হওয়ার ঘটনায় এক সপ্তাহের কম সময়ের মধ্যে আঙ্কারায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে আবারো তলব করেছে তুরস্ক। সেখানে খাশোগির খোঁজে কনস্যুলেটের ভেতরে তল্লাশি চালাতে রাষ্ট্রদূতের অনুমতি চাওয়া হয়েছে।
গত মঙ্গলবার খাশোগি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে তুরস্কের ইস্তাম্বুল কন্স্যুলেটে যান এবং এরপর তিনি আর ফিরে আসেন নি। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের একজন উপদেষ্টা গতকাল রোববার বলেন, তিনি বিশ্বাস করেন যে সাংবাদিক খাশোগিকে হয়ত কন্স্যুলেটের ভেতরে হত্যা করা হয়ে থাকতে পারে।

একজন তুর্কি কর্মকর্তা আজ (সোমবার) জানিয়েছেন, আঙ্কারায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। খাশোগির নিখোঁজ হওয়ার ব্যাপারে তদন্তের জন্য মন্ত্রাণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূতের কাছ থেকে পূর্ণ সহযোগিতা চাওয়া হয়েছে।
সৌদি সরকারের অনেক নীতিরই কট্টর সমালোচক খাশোগি ২০১৭ সাল থেকে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন। সরকার বিরোধীদের বিরুদ্ধে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করলে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। গত মঙ্গলবার বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে তিনি সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। এ সময় তার হবুবধুও কনস্যুলেটের বাইরে তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু খাশোগি সেখান থেকে বের না হওয়ার পর ওই নারী এক পর্যায়ে তুরস্কের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।#
পার্সটুডে/বাবুল আখতার/৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন