আমেরিকার পথে অস্ট্রেলিয়া: বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নিচ্ছে দূতাবাস
https://parstoday.ir/bn/news/world-i65079-আমেরিকার_পথে_অস্ট্রেলিয়া_বায়তুল_মুকাদ্দাসে_সরিয়ে_নিচ্ছে_দূতাবাস
মার্কিন নীতি অনুসরণ করে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস সরিয়ে নেয়ার কথা চিন্তা করছে অস্ট্রেলিয়া। এছাড়া, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবেও স্বীকৃতি দেয়ার বিষয়টি বিবেচনা করছে ক্যানবেরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৮ ১৩:২৯ Asia/Dhaka
  • অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

মার্কিন নীতি অনুসরণ করে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস সরিয়ে নেয়ার কথা চিন্তা করছে অস্ট্রেলিয়া। এছাড়া, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবেও স্বীকৃতি দেয়ার বিষয়টি বিবেচনা করছে ক্যানবেরা।

আজ (মঙ্গলবার) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষেই নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

তিনি তার ভাষায় বলেন, ভবিষ্যতে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম ও ইসরাইলের রাজধানী হিসেবে পশ্চিম জেরুজালেমকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। তবে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মন্ত্রিসভা ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। 

বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধন করেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা, ডানের ছবিতে দেখা যাচ্ছে ফিলিস্তিনিদের প্রতিবাদ

চলতি বছরের মে মাসে তেল আবিব থেকে জেরুজালেমে নিজেদের দূতাবাস সরিয়ে নেয় আমেরিকা। এর আগে, গতবছর ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয় ট্রাম্প প্রশাসন। এতে বিশ্বজুড়ে সমালোচনা ও তোপের মুখে পড়ে আমেরিকা।

এ বিষয়ে সোমবার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টুইটারে লিখেছেন, “আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে ও দূতাবাস স্থানান্তরের কথা বিবেচনা করছেন।”# 

পার্সটুডে/এসআইবি/১৬