অবশেষে পুতিনের হুঁশিয়ারি: পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া
-
প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যদি ঐতিহাসিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে যায় তাহলে মস্কো তার মতো করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে।
গত ২০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি থেকে সরে দাঁড়াবে ওয়াশিংটন। ১৯৮৭ সালে সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে এ চুক্তি হয়েছিল। চুক্তির অধীনে ৫৫০ কিলোমিটার থেকে ৫,৫০০ কিলোমিটার পাল্লার পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হয়। এ চুক্তির ধারাবাহিকতায় দু দেশ প্রায় ২,৭০০ স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করে।
এ চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় পুতিন বলেন, “যদি আমেরিকা এ চুক্তি থেকে সরে যায় তাহলে প্রধান প্রশ্ন ওঠে যে, তাদের হাতে থাকা স্বল্প ও মধ্যম পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে তারা কী করবে? যদি তারা এগুলোকে ইউরোপে পাঠায় তাহলে স্বাভাবিকভাবেই আমরা তার অনুরূপ জবাব দেব।” ইতালির প্রধানমন্ত্রী গুইসেফ কোনটের সঙ্গে গতকাল (বুধবার) মস্কোয় এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন।
তিনি সুস্পষ্ট করে বলেন, “আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করা বিরাট বিপজ্জনক পদক্ষেপ। তারা এ ধরনের চুক্তি থেকে সরে গিয়ে অস্ত্র প্রতিযোগিতা শুরু ছাড়া কিছুই করবে না।”#
পার্সটুডে/এসআইবি/২৫