ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা করল ইউরোপ
-
বাম থেকে- ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী মে এবং জার্মান চ্যান্সেলর মারকেল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি নিন্দা করেছে। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নও আলাদাভাবে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা করে ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে গতকাল (শুক্রবার) এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এবং ইউরোপীয় অর্থনীতির শীর্ষ তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা ২০১৫ সালের পরমাণু সমঝোতাকে ইউরোপ ও সারা বিশ্বের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তারা এও বলেছেন যে, তেহরানের সঙ্গে যেসব ইউরোপীয় কোম্পানি বৈধভাবে ব্যবসা করতে চায় তাদেরকে সুরক্ষা দিতে চায় ইউরোপ। এছাড়া, ইরানের সঙ্গে কার্যকর অথনৈতিক চ্যানেল চালু রাখা এবং ইরান থেকে তেল-গ্যাস কেনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। এসব ব্যাপারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
২০১৫ সালে ইরানের ওপর থেকে যেসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল আগামী ৫ নভেম্বর থেকে তার সবই আবার আরোপ করা হবে বলে মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করার পর ইউরোপ এই বিবৃতি দিল।#
পার্সটুডে/এসআইবি/৩