রাশিয়ার সঙ্গে সংঘাতময় সম্পর্কের জন্য ইউরোপ দায়ী: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i65609-রাশিয়ার_সঙ্গে_সংঘাতময়_সম্পর্কের_জন্য_ইউরোপ_দায়ী_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কোনো কোনো ইউরোপীয় দেশ বলপূর্বক নিজের সিদ্ধান্ত মস্কোর ওপর চাপিয়ে দিতে চায় বলেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্কের উন্নতি হচ্ছে না।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ০৬, ২০১৮ ১২:৩৯ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কোনো কোনো ইউরোপীয় দেশ বলপূর্বক নিজের সিদ্ধান্ত মস্কোর ওপর চাপিয়ে দিতে চায় বলেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্কের উন্নতি হচ্ছে না।

স্পেন সফররত ল্যাভরভ আজ (মঙ্গলবার) মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে মস্কো প্রস্তুত রয়েছে। কিন্তু প্রথম পদক্ষেপ নিতে হবে ইউরোপের পক্ষ থেকে কারণ, তারাই রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছে।

ল্যাভরভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কারো স্বার্থই রক্ষা করছে না। এই নিষেধাজ্ঞার কারণে শুধু ইউরোপীয়দেরই ১০ হাজার কোটি ইউরোর ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ক্রিমিয়া প্রজাতন্ত্র

বিশ্ব মোড়ল হওয়ার লক্ষ্যে পশ্চিমারা যে প্রচেষ্টা চালাচ্ছিল তা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো কোনো দেশ অন্যের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার জন্য যেকোনো কাজ করতে দ্বিধা করছে না। কিন্তু এই নীতি ব্যর্থ হতে বাধ্য।

২০১৪ সালের গোড়ার দিকে ইউক্রেনের তৎকালীন ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে ওই প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই ঘটনার পর ইউক্রেনের পক্ষ অবলম্বন করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক অবরোধ আরোপ করে। রাশিয়াও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬