রাশিয়া-ইউক্রেন উত্তেজনা: সামরিক শাসনের সিদ্ধান্তে পুতিনের গভীর উদ্বেগ
https://parstoday.ir/bn/news/world-i66157-রাশিয়া_ইউক্রেন_উত্তেজনা_সামরিক_শাসনের_সিদ্ধান্তে_পুতিনের_গভীর_উদ্বেগ
ইউক্রেনে সামরিক শাসন জারির সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনালাপে এ উদ্বেগ প্রকাশ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৭, ২০১৮ ১৪:৫৭ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন (বামে) ও অ্যাঙ্গেলা মার্কেল
    ভ্লাদিমির পুতিন (বামে) ও অ্যাঙ্গেলা মার্কেল

ইউক্রেনে সামরিক শাসন জারির সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনালাপে এ উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ (মঙ্গলবার) রুশ প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন তার সামরিক বাহিনীকে প্রস্তুত রাখার এবং সামরিক শাসন জারির যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সে বিষয়ে পুতিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইউক্রেনকে আরও বেশি উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত রাখতে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন।

জার্মানি আরও বেশি বেপরোয়া পদক্ষেপ থেকে ইউক্রেনকে বিরত রাখতে নিজের প্রভাব কাজে লাগাবে বলে পুতিন আশা প্রকাশ করেছেন।

ইউক্রেনে সামরিক শাসন জারির বিষয়ে দেশটির প্রেসিডেন্ট পোরোশেংকো যে প্রস্তাব করেছিলেন তা গতকাল দেশটির সংসদে পাস হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট তার ভাষায় বলেছেন, রাশিয়ার বেড়ে চলা আগ্রাসী তৎপরতার কারণে দেশে সামরিক শাসন জারি করা দরকার।

ইউক্রেনের তিনটি যুদ্ধজাহাজ রুশ পানি সীমা লঙ্ঘন করার পর সেগুলো রাশিয়া আটক করে এবং এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। বিষয়টি নিয়ে রোববার প্রেসিডেন্ট পোরোশেংকো মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন