রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন পুতিন: ইউক্রেনের অভিযোগ
-
সামরিক মহড়ার সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট (বামে)
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারো পুরনো সাম্রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। ক্রিমিয়ার কাছে আজোভ সাগরের কের্চ প্রণালী থেকে রুশ সেনারা ইউক্রেনের তিনটি জাহাজ আটকের পর যখন মস্কো ও কিয়েভের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন পোরোশেংকো একথা বললেন।
জার্মানির সবচেয়ে বড় পত্রিকা বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে আজ (বৃহস্পতিবার) পোরোশেংকো এ অভিযোগ করেন। তিনি বলেন, ক্রিমিয়া, ডোনবাসসহ পুরো দেশ দখল করতে চান পুতিন। পোরোশেংকো আরো বলেন, “পুতিন নিজেকে রাশিয়ার সম্রাট হিসেবে দেখতে চান এবং ইউক্রেন ছাড়া তার সাম্রাজ্য চলবে না। তিনি আমাদেরকে উপনিবেশ হিসেবে দেখতে চান।”
সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ন্যাটোভুক্ত দেশগুলোর সহযোগিতা চান। ইউক্রেন ও তার স্বার্থ রক্ষার জন্য আজোভ সাগরে যুদ্ধজাহাজ পাঠাতে তিনি জার্মানি ও আমেরিকার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “জার্মানি হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং আমরা জার্মানির কাছে সহযোগিতা চাই।” ইউক্রেন ন্যাটোর সদস্য দেশ নয়।#
পার্সটুডে/এসআইবি/২৯