ইরান বিরোধী জোট গড়তে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে: সৌদি আরব
-
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইয়ের
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইয়ের বলেছেন, আরব দেশগুলোকে নিয়ে একটি নতুন সামরিক জোট গঠনের লক্ষ্যে আমেরিকার সঙ্গে রিয়াদ আলোচনা চালিয়ে যাচ্ছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য এ জোট গঠনের প্রচেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে।
গতকাল (রোববার) সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জুবাইয়ের বলেন, নতুন এ সামরিক জোট উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর মতো করে গড়ে তোলা হবে এবং এর উদ্দেশ্য হচ্ছে বাইরের আগ্রাসন থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করা। তিনি বলেন, এ বিষয়ে আমেরিকা এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং গঠন প্রক্রিয়া কি হবে তা নিয়ে কাজ চলছে। রিয়াদে অনুষ্ঠিত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের পর পররাষ্ট্রমন্ত্রী জুবাইয়ের এ ঘোষণা দেন।
জুবাইয়ের বলেন, জোট গঠনের প্রধান লক্ষ্য হচ্ছে বাইরের শক্তির আগ্রাসন থেকে মধ্যপ্রাচ্যকে সুরক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা। পাশাপাশি আমেরিকা এবং এ অঞ্চলের দেশগুলোর মধ্য সম্পর্ক শক্তিশালী করতে এ জোট গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। সৌদি আরবের এ শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন, মিশরকেও এ জোটের সদস্য করা হবে এবং এর নাম হবে মিডলইষ্ট স্ট্রেটিজিক অ্যালায়েন্স বা মেসা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের আদলে কিছু আরব দেশকে নিয়ে ইরান বিরোধী জোট গঠন করতে চান বলে গত কয়েক মাস ধরে সংবাদ মাধ্যমে খবর আসার পর সৌদি আরবের পক্ষ থেকে এ বিষয়ে বক্তব্য এলো।#
পার্সটুডে/বাবুল আখতার/১০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন