দুর্নীতির অভিযোগে জেরবার নাজিব রাজাক
https://parstoday.ir/bn/news/world-i66522-দুর্নীতির_অভিযোগে_জেরবার_নাজিব_রাজাক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের প্রথম দিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৮ ১২:৫০ Asia/Dhaka
  • একের পর এক দুর্নীতির মামলা হচ্ছে নাজিব রাজাকের বিরুদ্ধে
    একের পর এক দুর্নীতির মামলা হচ্ছে নাজিব রাজাকের বিরুদ্ধে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের প্রথম দিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা হয়।

আজ (বুধবার) নাজিব রাজাক এবং রাষ্ট্রীয় ‘১ মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ’ বা ১এমডিবি’র সাবেক প্রধান নির্বাহী অরুল কান্দা কান্দাস্বামীর বিরুদ্ধে শত শত কোটি ডলার তছরুপ করার অভিযোগ আনা হয়েছে। ১এমডিবি তহবিলের ২০১৬ সালের সরকারি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিস থেকে ঘষামাজা হয়েছিল এমন অভিযোগে নাজিব রাজাক এবং ওই নির্বাহীকে চলতি সপ্তাহে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি-বিরোধী তদন্তকারীরা। নাজিব রাজাক ২০০৯ সালে গঠন করেছিলেন ১এমডিবি। তবে আকাশচুম্বী ঋণ ও আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যেও ওই অডিটকে অনুমোদন দেয়া হয়েছিল।

নাজিব রাজাক

আজ নাজিব রাজাককে আদালতে তার বিরুদ্ধে আনা নতুন অভিযোগ পড়ে শোনানো হয়। তাতে বলা হয়, ওই অডিট রিপোর্ট চূড়ান্ত করার আগে তা সংশোধন করিয়েছিলেন নাজিব রাজাক। তবে প্রধানমন্ত্রীর পদ ব্যবহার করে এমন অনৈতিক কাজ করার কথা অস্বীকার করেছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে নাজিব রাজাক ২০ বছর পর্যন্ত জেল অথবা ১০ হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এ মামলায় ১এমডিবি’র সাবেক প্রধান নির্বাহী অরুল কান্দাও নিজেকে নির্দোষ দাবি করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১২