উত্তেজনার মধ্যে পাকিস্তানি ড্রোন ভূপাতিত করল ভারত: গণমাধ্যম
https://parstoday.ir/bn/news/world-i68582-উত্তেজনার_মধ্যে_পাকিস্তানি_ড্রোন_ভূপাতিত_করল_ভারত_গণমাধ্যম
ভারতের বিমান বাহিনী একটি পাকিস্তানি পাইলটবিহীন বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি সীমান্ত অতিক্রম করে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ার পর সেটিকে গুলি করা হয় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এ ঘটনা দু’দেশের মধ্যে উত্তেজনা আবার তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০৫, ২০১৯ ০৬:১৩ Asia/Dhaka
  • ভারতীয় বিমান বাহিনীর কয়েকটি সুখোই-৩০ যুদ্ধবিমান (ফাইল ছবি)
    ভারতীয় বিমান বাহিনীর কয়েকটি সুখোই-৩০ যুদ্ধবিমান (ফাইল ছবি)

ভারতের বিমান বাহিনী একটি পাকিস্তানি পাইলটবিহীন বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি সীমান্ত অতিক্রম করে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ার পর সেটিকে গুলি করা হয় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এ ঘটনা দু’দেশের মধ্যে উত্তেজনা আবার তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল (সোমবার) ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই-৩০ যুদ্ধবিমান সেদেশের উত্তরাঞ্চলীয় রাজস্থান রাজ্যের বিকানার শহরের কাছে পাকিস্তানি ড্রোনটি গুলি করে ভূপাতিত করে।

এর আগে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছিল, গতমাসের শেষদিকে ভারত এরকম আরেকটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করেছিল।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সেদেশের আধা সামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের ওপর পাকিস্তান-ভিত্তিক একটি জঙ্গি গোষ্ঠী ভয়াবহ বোমা হামলা চালায়। ওই ঘটনায় ৪৪ জওয়ান নিহত হওয়ার পর দু’দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে ওই জঙ্গি গোষ্ঠীর একটি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালিয়ে শত শত জঙ্গিকে হত্যা করার দাবি করলে উত্তেজনা তুঙ্গে ওঠে।

ভারতীয় বিমান বাহিনীর এই পাইলটকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করে ইসলামাবাদ

গত সপ্তাহে পাকিস্তান বিমান বাহিনী সেদেশের আকাশসীমায় প্রবেশকারী একটি ভারতীয় জঙ্গিবিমান ভূপাতিত করে এর পাইলটকে আটক করে। শুক্রবার ওই পাইলটকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করে ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন, দু’দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সদিচ্ছার নিদর্শন হিসেবে ওই পাইলটকে মুক্তি দেয়া হয়েছে।

অবশ্য পাইলটকে হস্তান্তর করার পরও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলির লড়াই করেছে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী। এসব গুলি বিনিময়ের ঘটনায় দু’পক্ষের বেশ কিছু সামরিক ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫