সুদানে বেসামরিক সরকারের দাবিতে বিক্ষোভ; শান্তিপূর্ণ সমাধান চায় ইরান
সুদানের নতুন সামরিক পরিষদের কারফিউ বা সান্ধ্য আইন অমান্য করে রাজধানী খার্তুমে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বেসামরিক সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
সড়কগুলোতে এখনো বিপুল সংখ্যক আন্দোলনকারী অবস্থান করছেন বলে খবর এসেছে।
তিন দশক ধরে দেশ শাসন করা ওমর আল বশিরকে উৎখাত করে সামরিক পরিষদ বৃহস্পতিবার রাতে ছয় ঘণ্টার ওই সান্ধ্য আইন জারি করেছিল। খার্তুমের সড়কগুলোতে কয়েক মাসের লাগাতার প্রতিবাদের পর বশিরকে ‘ক্ষমতা থেকে সরানো’র ঘোষণা আসে। তবে আন্দোলনকারীরা বলছেন, সেনাবাহিনী ওমর আল বশিরের শাসন ব্যবস্থারই অংশ। সামরিক সরকারকে বশির সরকারেরই ধারাবাহিকতা হিসেবে মনে করছে আন্দোলনকারীরা।
গতকাল (বৃহস্পতিবার) ৭৫ বছর বয়সী বশিরকে গ্রেপ্তারের খবরে সড়কজুড়ে উল্লাস শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ অবস্থায় আন্দোলনকারী জনতার সঙ্গে সেনাবাহিনীর সংঘাতের আশঙ্কা করছেন অনেকেই।
ইসলামি প্রজাতন্ত্র ইরান সুদানের সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরান বিদেশি হস্তক্ষেপের বিরোধী। তেহরান আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের জন্য সুদানের সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩