চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় আমেরিকা: অ্যাশ্টন কার্টার
https://parstoday.ir/bn/news/world-i6973-চীনের_সঙ্গে_একযোগে_কাজ_করতে_চায়_আমেরিকা_অ্যাশ্টন_কার্টার
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার আজ (শুক্রবার) বলেছেন, চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় আমেরিকা। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের কাছে একটি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ পরিদর্শন সময়ে এ কথা বলেন তিনি। এ সময়ে তার সঙ্গে ছিলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ভোলতেয়ার গাজমিন। এ এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার বিরুদ্ধে বেইজিং যখন কঠোর অবস্থান গ্রহণ করেছে তখন এ পরিদর্শনের ঘটনা ঘটল।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
এপ্রিল ১৫, ২০১৬ ২৩:৩৪ Asia/Dhaka
  • চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় আমেরিকা: অ্যাশ্টন কার্টার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার আজ (শুক্রবার) বলেছেন, চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় আমেরিকা। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের কাছে একটি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ পরিদর্শন সময়ে এ কথা বলেন তিনি। এ সময়ে তার সঙ্গে ছিলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ভোলতেয়ার গাজমিন। এ এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার বিরুদ্ধে বেইজিং যখন কঠোর অবস্থান গ্রহণ করেছে তখন এ পরিদর্শনের ঘটনা ঘটল।

ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়ায় অংশগ্রহণকারী মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস জন সি স্টেনিস'এ পৌঁছে তিনি বলেন, মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের এ অঞ্চলে উপস্থিতি নতুন কিছু ঘটনা নয়; যে প্রেক্ষাপটে এ অঞ্চলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে তাই হলো নতুন। আমেরিকা এ উত্তেজনা কমিয়ে আনতে চায় বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় আমেরিকা। বেইজিং’এর সঙ্গে উত্তেজনা উস্কে দেয়া নয় বরং মিত্রদের প্রতি সমর্থন দেয়ার জন্য তিনি এ পরিদর্শন করেন বলে জানান তিনি।

এর আগে তার পরিদর্শনের বিষয়ে ম্যানিলা থেকে দেয়া ঘোষণায় দেয়া হয়। মার্কিন- ফিলিপাইন সামরিক মহড়া আজ শেষ হওয়ার পর এ ঘোষণা দেয়া হয়।

এদিকে, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সঙ্গে আমেরিকা যৌথ নৌ-টহল শুরু করেছে বলে গতকাল কার্টার ঘোষণা করেছেন। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জে চীনের কথিত ভূমি অধিগ্রহণ এবং সামরিক উপস্থিতির বিষয়ে আমেরিকার উদ্বেগের কথা ব্যক্ত করে তিনি ঘোষণা করেন, ফিলিপাইনে শত শত মার্কিন সেনা এবং পাঁচটি রণতরী মোতায়েন করা হবে ।

অবশ্য এর বিপরীতে নিজ কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের সামরিক বাহিনী দেশের ভূখণ্ড রক্ষা করবে। এতে আরো বলা হয়, মার্কিন-ফিলিপাইন যৌথ মহড়া আঞ্চলিক সামরিকীকরণকে উসকে দেবে এবং শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে। এ ছাড়া বিরোধপূর্ণ অঞ্চল কয়েকদিন আগে সফর করেছেন চীনের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।#

মূসা রেজা/১৫