বৈঠক করলেন পুতিন ও কিম; আরও ঘনিষ্ঠ হবে দু'দেশের সম্পর্ক
https://parstoday.ir/bn/news/world-i69847-বৈঠক_করলেন_পুতিন_ও_কিম_আরও_ঘনিষ্ঠ_হবে_দু'দেশের_সম্পর্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী ভ্লাদিভস্তকের কাছাকাছি প্রশান্ত মহাসাগরের রাস্কি দ্বীপে এই প্রথম দুই নেতা বৈঠক করেছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ২৫, ২০১৯ ১৯:০৯ Asia/Dhaka
  • কিম (বামে) ও পুতিন (ডানে)
    কিম (বামে) ও পুতিন (ডানে)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী ভ্লাদিভস্তকের কাছাকাছি প্রশান্ত মহাসাগরের রাস্কি দ্বীপে এই প্রথম দুই নেতা বৈঠক করেছেন।

বৈঠকের শুরুতেই দুই নেতা দীর্ঘ দিনের সুসম্পর্কের কথা তুলে ধরেন। এ সময় পুতিন বলেন, তিনি কোরিয়া উপদ্বীপে উত্তেজনা নিরসনে সহযোগিতার চেষ্টার করেছেন। পুতিন উনকে উদ্দেশ করে আরও বলেন, আমি নিশ্চিত রাশিয়ায় আপনার সফর কোরিয় উপদ্বীপে বিদ্যমান সমস্যা সমাধানের পন্থা নির্ধারণে সাহায্য করবে। সেখানে যে ইতিবাচক প্রক্রিয়া শুরু হয়েছে তাতে রাশিয়া কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়টিও বোঝা যাবে।

রুশ প্রেসিডেন্ট আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকেও স্বাগত জানান। বৈঠকে উত্তর কোরিয়ার নেতা দুই দেশের মধ্যে আরও ভালো ও স্থিতিশীল সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধে ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর পুতিনের সঙ্গে বৈঠক করলেন কিম জং উন। গতকাল উন ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ায় পৌঁছেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫