বিনা কারণে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
-
জাওয়াদ জারিফ (বামে) ও সুষমা স্বরাজ (ডানে)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা বিনা কারণে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে। নয়া দিল্লিতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জারিফ বলেন, ইরান উত্তেজনা চায় না, তবে নিজেকে রক্ষার জন্য সব সময় প্রস্তুত রয়েছে।
ভারত সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ভারত হচ্ছে ইরানের অত্যন্ত ঘনিষ্ট অংশীদার। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক যোগাযোগ রয়েছে। বিশেষ ব্যবস্থার মাধ্যমে ইরান ও ভারতের মধ্যে আর্থিক লেনদেন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত হচ্ছে ইরানি তেলের বড় ক্রেতাদের অন্যতম।
ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতরাতে (সোমবার রাতে) নয়া দিল্লি পৌঁছেছেন। আজ সকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক ও পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছেন।
এছাড়া আজ নয়া দিল্লিতে ইরান-ভারত যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।