পেন্টাগনের বাজেটে আবারো কাটছাঁট: অর্থ যাবে মেক্সিকো প্রাচীরে
https://parstoday.ir/bn/news/world-i70381-পেন্টাগনের_বাজেটে_আবারো_কাটছাঁট_অর্থ_যাবে_মেক্সিকো_প্রাচীরে
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগন নিজের সমরাস্ত্র ব্যয় কমিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত মেক্সিকো প্রাচীর নির্মাণের কাজে অর্থ বরাদ্দ দিচ্ছে। যেসব সমরাস্ত্র খাতে ব্যয় কমানো হচ্ছে সেগুলোর মধ্যে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা বিমান রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৪, ২০১৯ ১২:২২ Asia/Dhaka
  • বোয়িং কোম্পানির ই-৩ সেন্ট্রি গোয়েন্দা বিমান
    বোয়িং কোম্পানির ই-৩ সেন্ট্রি গোয়েন্দা বিমান

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগন নিজের সমরাস্ত্র ব্যয় কমিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত মেক্সিকো প্রাচীর নির্মাণের কাজে অর্থ বরাদ্দ দিচ্ছে। যেসব সমরাস্ত্র খাতে ব্যয় কমানো হচ্ছে সেগুলোর মধ্যে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা বিমান রয়েছে।

ওয়াশিংটন থেকে প্রকাশিত পত্রিকা ‘দি হিল’ জানিয়েছে, বোয়িং কোম্পানির ই-৩ সেন্ট্রি গোয়েন্দা বিমান খাত থেকে ৫ কোটি ৭০ লাখ ডলার এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম খাত থেকে ২ কোটি ৪৩ লাখ ডলার সরিয়ে নেয়া হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন

আমেরিকার দক্ষিণ প্রান্তে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ করে ল্যাতিন আমেরিকা থেকে অভিবাসীদের অনুপ্রবেশ রোধ করার পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক সমাজের বিরোধিতা উপেক্ষা করে নির্মাণ করতে যাওয়া ১৩০ কিলোমিটার দীর্ঘ এ প্রাচীরের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ডলার। পেন্টাগনের বাজেট কাটছাঁটের এই পরিকল্পনা ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান অনুমোদন করেছেন।

চলতি সপ্তাহের গোড়ার দিকে খবর প্রকাশিত হয়েছিল, আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর জন্য বরাদ্দ বাজেট থেকে ৬০ কোটি ৪০ লাখ ডলার মেক্সিকো প্রাচীরের জন্য সরানো হচ্ছে। এর ফলে মার্কিন কংগ্রেস আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর জন্য যে ৪৯০ কোটি ডলার বরাদ্দ দিয়েছিল তা কমে ৪৩০ কোটি ডলারে দাঁড়াবে। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।