শেষ ম্যাচেও পরাজয়: শূন্য হাতে দেশে ফিরছে আফগানিস্তান
-
সেলফি তুলছেন ক্রিস গেইল
ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরফলে দ্বাদশ বিশ্বকাপে দ্বিতীয় জয় নিয়ে দেশে ফিরতে হচ্ছে ক্যারিবীয়দের। আর কোনো জয় না নিয়েই দেশে ফিরবে আফগানরা।
লিডসের হেডিংলিতে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ক্যারিবীয়ানরা তোলে ৩১১ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে আফগানরা তোলে ২৮৮ রান।
আগে ব্যাটিংয়ে নেমে যথারীতি ব্যর্থ হন ক্রিস গেইল। ১৮ বলে মাত্র ৭ রানে দৌলত জাদরানের বলে আউট হন তিনি। আরেক ওপেনার এভিন লুইস ৭৮ বলে ৬টি চার আর দুটি ছক্কায় করেন ৫৮ রান। তিন নম্বরে নামা শাই হোপ ৯২ বলে ছয়টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে ৭৭ রান করে বিদায় নেন। তাঁকে সঙ্গ দিয়েছেন পুরান। রান আউট হওয়ার আগে ৪৩ বলে ৫৮ রান করেছেন তিনি। অধিনায়ক হোল্ডারও আজ বেশ চড়াও হয়েছেন আফগান বোলারদের ওপর। ৩৪ বলে ৪৫ করেছেন তিনি। একটি চার মেরেছেন তিনি, কিন্তু ছয় মেরেছেন চারটি। কার্লোস ব্রাথওয়েট ৪ দুই চার, এক ছক্কায় করেন অপরাজিত ১৪ রান।
আফগান বোলারদের মধ্যে দৌলত জাদরান দুইটি উইকেট পেয়েছেন। রশিদ খান আজও মার খেয়েছেন। ১০ ওভারে ৫২ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট।

বড় রান তাড়ায় শুরুতেই অধিনায়ক নাইবকে হারায় আফগানিস্তান। তিনে নেমে ইকরাম খেলেন আস্থার সঙ্গে। রহমত শাহর সঙ্গে দ্রুত জমে যায় তার জুটি। দারুণ এক স্লোয়ারে রহমতকে ফিরিয়ে ১৩৩ রানের জুটি ভাঙেন কার্লোস ব্র্যাথওয়েট।
ব্যাটিং অর্ডারে আরও পরিবর্তন এনে চারে পাঠানো হয় নাজিবউল্লাহ জাদরানকে। দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটিতে দ্রুত এগিয়ে যায় আফগানিস্তান। ৮ চারে ৮৬ রান করা ইকরামকে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন অনিয়মিত অফ স্পিনার গেইল।
নাজিবুল্লাহ জাদরান ৩৮ বলে ৩১ রান করেন। আসগর আফগান ৩২ বলে করেন ৪০ রান। মোহাম্মদ নবী (২) আর সামিউল্লাহ শেনওয়ারি (৬) ইনিংস টেনে নিতে পারেননি। দৌলত জাদরান (১), রশিদ খান (৯), মুজিব উর রহমানরা (৭*) হারের ব্যবধান কমান। সৈয়দ শিরজাদ ১৭ বলে দুই চার, দুই ছক্কায় ২৫ রান করে ইনিংসের শেষ বলে আউট হন।
৬৩ রানে ৪ উইকেট নেন অলরাউন্ডার ব্র্যাথওয়েট। রোচ ৩ উইকেট নেন ৩৭ রানে।
৭৭ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন শাই হোপ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৪