আবার ইরানের সঙ্গে ‘নিঃশর্ত আলোচনা’য় বসার আগ্রহ পম্পেও’র
https://parstoday.ir/bn/news/world-i72034-আবার_ইরানের_সঙ্গে_নিঃশর্ত_আলোচনা’য়_বসার_আগ্রহ_পম্পেও’র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (বুধবার) আবার দাবি করেছেন, ওয়াশিংটন কোনো পূর্ব শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায়। তিনি আমেরিকার ‘কেসিএমও’ রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে ‘নিঃশর্ত আলোচনায় বসতে প্রতিশ্রুতিবদ্ধ।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৯ ০৩:০০ Asia/Dhaka
  • আবার ইরানের সঙ্গে ‘নিঃশর্ত আলোচনা’য় বসার আগ্রহ পম্পেও’র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (বুধবার) আবার দাবি করেছেন, ওয়াশিংটন কোনো পূর্ব শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায়। তিনি আমেরিকার ‘কেসিএমও’ রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে ‘নিঃশর্ত আলোচনায় বসতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে আমেরিকার পলিটিকো ম্যাগাজিন খবর দিয়েছে, মার্কিন রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল হোয়াইট হাউজের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতের জন্য ইরানের স্থায়ী মিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। কেনটাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই যুদ্ধবাজ কংগ্রেস সদস্যকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার দায়িত্ব দিয়েছেন বলে পলিটিকো দাবি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সেদেশের শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক মাসে অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। তারা এমন সময় এ আগ্রহ প্রকাশ করছেন যখন ট্রাম্প প্রশাসন গত বছর ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন।

আমেরিকার সঙ্গে কথিত আলোচনা প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত মাসে তাঁর দেশের অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। তিনি গত ২৬ জুন এক ভাষণে বলেন, ইরানের সামরিক শক্তি খর্ব করার লক্ষ্যে আমেরিকা তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চায়। তিনি বলেন, ইরানের সামরিক শক্তিমত্তায় ভীত হয়ে হামলা করতে না পেরে তারা এখন এই শক্তিমত্তা খর্ব করতে চায় যাতে পরবর্তীতে শক্তিহীন ইরানের সঙ্গে যেমন খুশি তেমন আচরণ করতে পারে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৮