ইরান-আমেরিকা উত্তেজনা: বড় সংঘাতের আশংকা রাশিয়ার
https://parstoday.ir/bn/news/world-i72302-ইরান_আমেরিকা_উত্তেজনা_বড়_সংঘাতের_আশংকা_রাশিয়ার
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের সংঘাতের আশংকা ব্যক্ত করেছে রাশিয়া। সম্ভাব্য সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যে মোতায়েন বাইরের দেশগুলোর সমস্ত সেনা প্রত্যাহারের কথা বলেছে রাশিয়া এবং এই পরিকল্পনা বস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছে মস্কো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৭, ২০১৯ ১০:৩০ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের তৎপরতা
    পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের তৎপরতা

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের সংঘাতের আশংকা ব্যক্ত করেছে রাশিয়া। সম্ভাব্য সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যে মোতায়েন বাইরের দেশগুলোর সমস্ত সেনা প্রত্যাহারের কথা বলেছে রাশিয়া এবং এই পরিকল্পনা বস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছে মস্কো।

ব্রাজিলের রাজধানী রিও ডে জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিক্স-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এসব কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সম্মিলিত নিরাপত্তার জন্য এমন পদক্ষেপ জরুরি। ল্যাভরভ বলেন, “ইরানসহ এ অঞ্চলের ঘটনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যা বড় আকারের সংঘাতের আশংকা জোরদার করেছে। সংঘাত ঠেকাতে এখন আমাদের সবার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা  চালানো জরুরি।”

যুদ্ধ চাপিয়ে দিলে কঠোর জবাব দেয়ার কথা বলেছে ইরান

২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তারপর থেকে ইরানের সঙ্গে উত্তেজনা চরমে নিয়ে গেছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপসহ দেশটির আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে আমেরিকা। ইরানের কথিত হুমকি মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ও পারস্য উপসাগরে ব্যাপক সামরিক উপস্থিতি ঘটিয়েছে দেশটি। পাশাপাশি তেলবাহী জাহাজের নিরাপত্তা দেয়ার নামে  পারস্য উপসাগরে আন্তর্জাতিক জোটের আওতায় সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপের মাধ্যমে আমেরিকা ইরানের সঙ্গে সামরিক সংঘাত অনিবার্য করে তুলছে।#

পার্সটুডে/এসআইবি/২৭