কাশ্মির ইস্যু: পাকিস্তানকে চীন ও তুরস্কের সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i72318-কাশ্মির_ইস্যু_পাকিস্তানকে_চীন_ও_তুরস্কের_সমর্থন
কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করছে চীন ও তুরস্ক। দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাশ্মির সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার পক্ষে কথা বলেছে দেশ দুটি। এ খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৭, ২০১৯ ১৭:০৯ Asia/Dhaka
  • বাম থেকে- পাক প্রধানমন্ত্রী ইমরান খান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান
    বাম থেকে- পাক প্রধানমন্ত্রী ইমরান খান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান

কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করছে চীন ও তুরস্ক। দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাশ্মির সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার পক্ষে কথা বলেছে দেশ দুটি। এ খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে এ সঙ্কট সমাধানে মধ্যস্থতার যে প্রস্তাব দিয়েছেন তার প্রতি বিশেষ করে সমর্থন জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক বিবৃতিতে বলেছেন, আমেরিকাসহ আন্তর্জাতিক সম্প্রদায়যারা আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে গঠনমূলক কাজ করছে তাদেরকে আমরা সমর্থন জানাই। আমরা আশা করি, এই দুই দেশ কাশ্মির ইস্যু এবং অন্য দ্বিপক্ষীয় বিরোধগুলো আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারবে। এর মধ্যদিয়ে তারা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

এদিকে, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যব এরদোগান। এ সময় তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরসহ আঞ্চলিক বিষয়গুলো এবং আফগানিস্তানে চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। কাশ্মির ইস্যুতে এরদোগান পাকিস্তানের অবস্থানের প্রতি বরাবরই সমর্থন দিয়ে আসছেন।

ভারত যখন পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলার চেষ্টা চালাচ্ছে তখন তাদের সেই উদ্যোগকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে ইমরান খানের সাম্প্রতিক আমেরিকা সফর। এ অবস্থায় চীন ও তুরস্কের সমর্থনকে পাকিস্তানের জন্য আরেকটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।# 

পার্সটুডে/এসআইবি/২৭