পারস্য উপসাগরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেবে ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i72564-পারস্য_উপসাগরে_মার্কিন_নেতৃত্বাধীন_সামরিক_জোটে_যোগ_দেবে_ব্রিটেন
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, পারস্য উপসাগরে আমেরিকার নেতৃত্বে গঠিত হতে যাওয়া নৌ জোটে যোগ দেবে তার দেশ। তিনি সোমবার লন্ডনে এ সম্পর্কে বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্রিটেন আমেরিকার পাশে থাকবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০৬, ২০১৯ ০১:৫২ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন (ফাইল ছবি)
    পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন (ফাইল ছবি)

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, পারস্য উপসাগরে আমেরিকার নেতৃত্বে গঠিত হতে যাওয়া নৌ জোটে যোগ দেবে তার দেশ। তিনি সোমবার লন্ডনে এ সম্পর্কে বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্রিটেন আমেরিকার পাশে থাকবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইরান বিরোধী এ জোটে যোগ দেয়ার ঘোষণা দেয়ার একই সময়ে তার দেশের দ্বৈত নীতির বিষয়টি স্পষ্ট করে দিয়ে পরমাণু সমঝোতা রক্ষা করার ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার লক্ষ্যে ব্রিটেন ইরানের পাশাপাশি এ সমঝোতায় স্বাক্ষরকারী অন্যান্য দেশের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব

ইরানের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে আমেরিকা গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরে নিজের সামরিক শক্তি জোরদার করেছে। সেইসঙ্গে ব্রিটেনের মতো মিত্র দেশগুলোর সহযোগিতায় মধ্যপ্রাচ্যে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন।

পারস্য উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতায় ইরান হস্তক্ষেপ করছে বলে ওয়াশিংটন ও লন্ডন যে অভিযোগ করছে তেহরান তা পত্রপাঠ প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের দায়ে হরমুজ প্রণালী থেকে একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করার পর তেহরান বলেছে, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার একমাত্র দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোর ওপর ন্যস্ত এবং এই উপসাগরে আর কখনো বহিঃশক্তিকে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে দেয়া হবে না।#

পার্সটুডে/এমএমআই/৬