ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্যধারণ করতে বলল মালয়েশিয়া
-
মাহাথির মুহাম্মাদ (বামে) ও ইমরান খান
কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে দু দেশকে সর্বোচ্চ ধৈর্যধারণ করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের কার্যালয় থেকে বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, “জম্মু-কাশ্মিরের সাম্প্রতিক ঘটনায় বিশেষ করে বার বার ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় মালয়েশিয়া উদ্বিগ্ন।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “ভারত ও পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে মালেয়শিয়া আশা করে যে, আরো উত্তেজনা ছড়ানো ঠেকাতে দুই প্রতিবেশী সর্বোচ্চ ধৈর্যধারণ করবে; তা না হলে এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ব্যাহত হবে।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, দুপক্ষকেই জাতিসংঘ প্রস্তাবনার প্রতি সম্মান দেখাতে হবে এবং আলোচনায় বসতে হবে। জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব মেনে চলার বিষয়ে মালয়েশিয়া ভারত ও পাকিস্তানকে উৎসাহিত করেছে।
গত সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত সরকার। এরপর পাক-ভারত উত্তেজনা তীব্রতর হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৮