চীন সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী: উদ্বিগ্ন বেইজিং, পাকিস্তানের প্রতি সমর্থন
-
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি (বামে) ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে আজ (শুক্রবার) বৈঠকের পর এ উদ্বেগ প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের বৈধ স্বার্থ ও অধিকার রক্ষার জন্য চীন ইসলামাবাদের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।
কাশ্মির ইস্যুতে একতরফা যেকোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে ওয়াং ই ভারত ও পাকিস্তানের প্রতি আহ্ববান জানিয়েছেন। দু দেশকে শান্তিপূর্ণ সহাবস্থানেরও পরামর্শ দিয়েছেন তিনি।
গত সোমবার ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে নিজের অংশ হিসেবে একীভূত করে নেয়। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। চলমান পরিস্থিতি অবহিত করাতে পাক পররাষ্ট্রমন্ত্রী আজ চীন সফরে যান।#
পার্সটুডে/এসআইবি/৯