পাকিস্তান থেকে দেশে চলে গেছেন ভারতীয় হাই কমিশনার
https://parstoday.ir/bn/news/world-i72728-পাকিস্তান_থেকে_দেশে_চলে_গেছেন_ভারতীয়_হাই_কমিশনার
কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে দেশে ফিরে গেছেন ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। গতকাল (শনিবার) তার দোহা হয়ে ভারতে ফেরার কথা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৯ ১৫:৫৬ Asia/Dhaka
  • অজয় বিসারিয়া
    অজয় বিসারিয়া

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে দেশে ফিরে গেছেন ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। গতকাল (শনিবার) তার দোহা হয়ে ভারতে ফেরার কথা।

গত সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত। এর ফলে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সরকার বহিষ্কার করে ভারতীয় হাই কমিশনারকে। এর মধ্যদিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার সিদ্ধান্ত বাস্তবায়ন করল পাকিস্তান। একই সঙ্গে সব রকম সাংস্কৃতিক বিনিময় নিষিদ্ধ করেছে তারা। স্থগিত করেছে ভারতের সঙ্গে বাণিজ্য। অনলাইন জি নিউজ বলছে, শনিবার অজয় বিসারিয়াকে ইসলামাবাদে ইন্ডিয়া হাউজে বিদায় দেন ভারতীয় হাই কমিশনের সব কর্মকর্তা ও অফিসাররা।

এদিকে, ভারতে দায়িত্ব নেয়ার জন্য নতুন পাকিস্তানি হাই কমিশনার নিয়োগ দেয়া হয়েছে মইনুল হককে। কিন্তু তাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে ইসলামাবাদ। পাকিস্তানের এমন সিদ্ধান্তকে ভারত একতরফা বলে অভিহিত করেছে। তারা বলেছে, এ বিষয়ে নয়া দিল্লির সঙ্গে কোনো আলোচনা করে নি ইসলামাবাদ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, পাকিস্তান যে পদক্ষেপ নিয়েছে তা একতরফা। সমঝোতা এক্সপ্রেস, বাণিজ্যিক সম্পর্ক, হাই কমিশনারকে প্রত্যাহারসহ যেসব ইস্যুতে তারা সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে তারা আমাদের সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করে নি। তারা যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি। পাকিস্তান যেসব ঘোষণা দিয়েছে তা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অত্যন্ত উদ্বেগের।# 

পার্সটুডে/এসআইবি/১১