চীন থেকে জাপানে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ চীন সফর শেষে আজ (মঙ্গলবার) জাপানে গেছেন। পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে তিনি চীন থেকে জাপান গেলেন। সেখান থেকে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে।
জাপানে তিনি দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করবেন।
গতকাল তিনি ফ্রান্স সফর শেষ করেই চীনে যান এবং সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করেছেন। চীনের সঙ্গে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
জারিফ চীনের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নিন্দা জানান এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, এই বিশ্ব সংস্থাকে পাশ কাটিয়ে কেউ কোনো পদক্ষেপ নিতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপে চীনের সমর্থন রয়েছে।
চীন সফরের আগে জারিফ ফ্রান্স সফর করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।