কাশ্মীরে মানবিক সংকট নিরসনে পাকিস্তানসহ ৫০ দেশের দাবি
https://parstoday.ir/bn/news/world-i73569-কাশ্মীরে_মানবিক_সংকট_নিরসনে_পাকিস্তানসহ_৫০_দেশের_দাবি
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সৃষ্ট মানবিক সংকট নিরসনের জন্য পাকিস্তানসহ বিশ্বের ৫০টি দেশ জাতিসংঘের কাছে দাবি জানিয়েছে। একইসঙ্গে এসব দেশ জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করে নেয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৯ ১৩:১০ Asia/Dhaka
  • কাশ্মীরে মানবাধিকার রক্ষার দাবিতে মিছিল
    কাশ্মীরে মানবাধিকার রক্ষার দাবিতে মিছিল

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সৃষ্ট মানবিক সংকট নিরসনের জন্য পাকিস্তানসহ বিশ্বের ৫০টি দেশ জাতিসংঘের কাছে দাবি জানিয়েছে। একইসঙ্গে এসব দেশ জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করে নেয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া এক বিবৃতিতে এসব দেশ এই দাবি জানিয়েছে। তারা বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মানবাধিকার রক্ষা করার জন্য সেখানে ভারতীয় সেনাদের অমানবিক আচরণের অবসান ঘটাতে হবে। এজন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে জরুরি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদ

জাতিসংঘ মানবাধিকার পরিষদে জমা দেয়া ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, জম্মু-কাশ্মীর থেকে এখনই কারফিউ প্রত্যাহার করতে হবে এবং সেখানকার নারীদের উপরে ধর্ষণসহ যে সমস্ত বর্বরতা চলছে তার অবসান ঘটাতে হবে। কাশ্মীরে জোরপূর্বক অপহরণের ঘটনা ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভাপতি কলি সেকের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। দুই নেতা বৈঠকে ভারতের পক্ষ থেকে একতরফা পদক্ষেপ এবং জম্মু-কাশ্মীরে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে ভারতের যাবতীয় পদক্ষেপকে অবৈধ এবং অন্যায় বলে উল্লেখ করেন কোরেশি। এসময় জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভাপতি কাশ্মীর পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১০