ক্ষেপণাস্ত্র হামলার সতর্কীকরণ ব্যবস্থা নির্মাণে চীনকে সাহায্য দিচ্ছে রাশিয়া
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার পূর্বসতর্কীকরণ ব্যবস্থা নির্মাণে চীনকে সাহায্য দিচ্ছে তার মস্কো। প্রেসিডেন্ট পুতিন এই প্রথমবারের মতো এ ধরনের তথ্য প্রকাশ করলেন।
বর্তমানে এ ধরনের প্রযুক্তি একমাত্র রাশিয়া এবং আমেরিকার হাতে আছে। রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক এক সম্মেলনে পুতিন আরো বলেন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিরক্ষা সক্ষমতা নাটকীয়ভাবে বাড়িয়ে দেবে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেন নি।
ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থায় ভূমিতে রাডার ব্যবস্থা বসানো থাকে এবং মহাকাশে কৃত্রিম উপগ্রহ থাকে যা পরমাণু ওয়ারহেডবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুটে আসার আগেই তা শনাক্ত করে ফেলে এবং এ বিষয়ে সতর্ক বার্তা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া এবং চীনের বিরুদ্ধে একের পর এক আগ্রাসী পদক্ষেপ নেয়ার প্রেক্ষাপটে দেশ দুটির মধ্যে কৌশলগত সম্পর্ক দিন দিন গনিষ্ঠ হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/৪