সিংহাসনে আরোহন করলেন জাপানের নয়া সম্রাট; মেনে চলবেন সংবিধান
-
নয়া সম্রাট
জাপানের নতুন সম্রাট নারুহিতো আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন। সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগের পর তার ছেলে যুবরাজ নারুহিতো গত ১ মে সম্রাটের দায়িত্ব বুঝে নিলেও মূল আনুষ্ঠানিকতা বাকি ছিল, আজ তা পূর্ণ হলো।
বিশ্বের প্রায় ১৭০টি দেশের প্রতিনিধি অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দুপুরে টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে জাপানের ‘তাকামিকুরা’ সিংহাসনে আরোহণ করেন ৫৯ বছর বয়সী নারুহিতো। এর মধ্য দিয়ে তিনি অভিষিক্ত হন জাপানের ১২৬তম সম্রাট হিসেবে।
নারুহিতো বাবা এমেরিটাস সম্রাট আকিহিতো ৮৫ বছর বয়সে গত ৩০ এপ্রিল স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। বয়স ও স্বাস্থ্যগত কারণে তিনি এই সিদ্ধান্ত নেন। আকিহিতোই জাপানের প্রথম সম্রাট যিনি স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। অভিষেকের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাদের ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করেন নয়া সম্রাট।
নয়া সম্রাট তার শপথবাক্যে বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী কাজ করবেন এবং তিনি রাষ্ট্র ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।