জাপানেও আগুন: ৫০০ বছরের পুরোনো শুরি প্রাসাদ ধ্বংস
জাপানের পাঁচশ বছরের পুরোনো শুরি প্রাসাদের মূল কাঠামো আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার রাজধানী নাহা-র একপাশে একটি পাহাড়ের ওপর অবস্থিত প্রাসাদটিতে বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে। আগুন লাগার কারণ পরিষ্কার হয়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে ভোররাত থেকেই দমকল কর্মীরা চেষ্টা শুরু করেন। এ পর্যন্ত কেউ হতাহত হয় নি।
৫০০ বছর আগে রুকিউ রাজবংশের আমলে কাঠের এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল। ১৯৩৩ সালে প্রাসাদটিকে জাপানের জাতীয় সম্পদের মর্যাদা দেওয়া হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপটিতে এক লড়াই চলাকালে প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর বর্তমান স্থাপনাটি পুনর্নির্মাণ করা হয়।
আগুনে প্রাসাদের প্রধান ভবনের পাশাপাশি উত্তর ও দক্ষিণের কাঠামোগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।
ওকিনাওয়া পুলিশের মুখপাত্র রিও কোচি বলেন, “এখনও আগুন লাগার কারণ বের করা যায়নি। ভোররাত আড়াইটায় একটি নিরাপত্তা কোম্পানির অ্যালার্ম বেজে উঠেছিল।”
পার্সটুডে/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।