ইরানের চতুর্থ পদক্ষেপে তিন ইউরোপীয় দেশের উদ্বেগ প্রকাশ
https://parstoday.ir/bn/news/world-i75186-ইরানের_চতুর্থ_পদক্ষেপে_তিন_ইউরোপীয়_দেশের_উদ্বেগ_প্রকাশ
ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন স্থগিত রাখার চতুর্থ যে পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এসব দেশ তাদের পক্ষ থেকে ইরানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারার কথা বেমালুম চেপে গিয়ে এই উদ্বেগ প্রকাশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৯ ০৩:১৮ Asia/Dhaka
  • ইরানের চতুর্থ পদক্ষেপে তিন ইউরোপীয় দেশের উদ্বেগ প্রকাশ

ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন স্থগিত রাখার চতুর্থ যে পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এসব দেশ তাদের পক্ষ থেকে ইরানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারার কথা বেমালুম চেপে গিয়ে এই উদ্বেগ প্রকাশ করেছে।

সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, ইরান সম্প্রতি তার ফোরদু পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমদ্ধ করার কাজ আবার শুরু করায় পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে সব পক্ষকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলা হয়, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক যেকোনো পদক্ষেপ নেয়া থেকে তেহরানকে বিরত থাকতে হবে।

ইউরোপীয় দেশগুলো এমন সময় ইরানের ব্যাপারে এ উদ্বেগ প্রকাশ করল যখন ২০১৮ সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও তারা কিছুই করতে পারেনি। এমনকি এসব দেশ ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি  বাস্তবায়নের যে আশ্বাস দিয়েছিল তাও রাখতে পারেনি।

আমেরিকা ও ইউরোপের ওই আচরণের প্রতিবাদে ইরান এ পর্যন্ত চার দফায় নিজের পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রেখেছে। সর্বশেষ গত সপ্তাহে ইরান তার ফোরদু পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ আবার শুরু করেছে যা পরমাণু সমঝোতা স্বাক্ষরের কারণে বন্ধ করা হয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।