পম্পেওকে জাখারোভার কটাক্ষ: সেই রাশিয়াকেই তো অনুসরণ করলেন!
-
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিদেশি হস্তক্ষেপ ছাড়া লিবিয়া সংকটের সমাধান করার যে আহ্বান জানিয়েছেন তার জবাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, লিবিয়ার ব্যাপারে ওয়াশিংটন এখন যে নীতির কথা বলছে তা অতীতে মস্কোর গৃহিত নীতির ফটোকপি মাত্র।
জাখারোভা রোববার তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন: লিবিয়ার ব্যাপারে পম্পেও যে বাক্যগুলো উচ্চারণ করেছেন তার প্রতিটি শব্দ ইরাক, কসোভো ও সিরিয়া সংকটের সময় রাশিয়া হুবহু উচ্চারণ করেছিল।রাশিয়াও ওই সময়গুলোতে ইরাক, কসোভো ও সিরিয়ায় আমেরিকাকে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল।
জাখারোভা আরো স্পষ্ট করে বলেন, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ধার করা কথা বলছে। কাজেই রাশিয়া পশ্চিমা দেশগুলোকে পথ দেখাচ্ছে এবং প্রমাণিত হচ্ছে, পশ্চিমারা আজ যা উপলব্ধি করছে রাশিয়া তা গতকাল বুঝতে পেরেছিল।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।