চীনে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৮১
https://parstoday.ir/bn/news/world-i76984-চীনে_করোনা_ভাইরাসের_সংক্রমণে_মৃতের_সংখ্যা_বেড়ে_৮১
চীনে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের উৎসস্থল বলে বিবেচিত মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। মৃত বাকি পাঁচ জন চীনের অন্যান্য অঞ্চলের বাসিন্দা ছিলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৭, ২০২০ ১১:৪৩ Asia/Dhaka
  • করোনা ভাইরাসের আক্রান্ত একজন
    করোনা ভাইরাসের আক্রান্ত একজন

চীনে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের উৎসস্থল বলে বিবেচিত মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। মৃত বাকি পাঁচ জন চীনের অন্যান্য অঞ্চলের বাসিন্দা ছিলেন।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং  হুবেইয়ের প্রধান শহর উহান পরিদর্শন করেছেন। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের প্রায় অর্ধেক হুবেই প্রদেশের বাসিন্দা।

নতুন এ করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়ার মধ্যে চীন শাসিত হংকং আট জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। গত ১৪ দিনের মধ্যে যারা হুবেই গিয়েছেন তাদের হংকং প্রবেশ নিষিদ্ধ করেছে নগরটির স্থানীয় সরকার। তবে হংকংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে।

বিশ্বের ১০টিরও বেশি দেশে কিছু সংখ্যাক লোকের আক্রান্ত হওয়ার কথা জানা গেলেও চীনের বাইরে কারও মৃত্যু হয়েছে বলে খবর হয়নি। ওই সব দেশের আক্রান্তরা সবাই উহান ভ্রমণ শেষে দেশে ফিরেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উহান থেকে ছবিগুলোতে হাসপাতালের করিডোরগুলোতে চিকিৎসা নিতে আসা লোকজনে ভিড় দেখা গেছে। শহরটিতে শাকসব্জির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন।

তবে এই ভাইরাসে আক্রান্তদের কয়েকজন চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন বলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।