ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: এর্দোগানের প্রতি নয়া দিল্লি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ইস্যুতে নয়া দিল্লির ভূমিকার কঠোর সমালোচনা করার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার।
কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্টকে এ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এর্দোগান কাশ্মীর ইস্যুতে সবসময় ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দেন।
পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া যৌথ ভাষণেও তিনি কাশ্মীর নিয়ে কথা বলেন। এর্দোগান বলেন, “আমাদের কাশ্মীরি ভাইবোনরা দশকের পর দশক ধরে সমস্যার মধ্যে আছেন। সাম্প্রতিক সময়ে (ভারতের) একতরফা সিদ্ধান্তের কারণে তা আরও তীব্র হয়েছে।”
ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রের শাসন জারি করেছে। একইসঙ্গে কাশ্মীরী নেতাদের আটক করে রেখেছে। বর্তমান এ পরিস্থিতির প্রতিও ইঙ্গিত করেন তুর্কি প্রেসিডেন্ট।
তুরস্কের প্রেসিডেন্টের এ ঘোষণা ক্ষোভ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেন, “আমরা তুর্কি নেতৃত্বকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং পাকিস্তান থেকে ভারত ও এই অঞ্চলে ঢুকে পড়া সন্ত্রাসীদের মারাত্মক হুমকিসহ প্রকৃত পরিস্থিতি নিয়ে জানাশোনার আহ্বান জানাচ্ছি।”
এর্দোগান সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও কাশ্মীর নিয়ে নয়া দিল্লির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। ভারত সেসময়ও এর্দোগানের অবস্থান নিয়ে আপত্তি জানিয়েছিল।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।