জার্মানির ২ বারে গুলি; নিহত ৮
https://parstoday.ir/bn/news/world-i77604-জার্মানির_২_বারে_গুলি_নিহত_৮
জার্মানির হ্যানাও শহরের দুটি শিশা বারে গোলাগুলির দুটি ঘটনায় কমপক্ষে আট ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও গণমাধ্যমসূত্র বলছে, এ ঘটনায় কতজন হামলাকারী ছিল, তা এখনো স্পষ্ট করে জানা যায় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২০ ০৭:০৮ Asia/Dhaka
  • জার্মানির হ্যানাও শহরে গোলাগুলি
    জার্মানির হ্যানাও শহরে গোলাগুলি

জার্মানির হ্যানাও শহরের দুটি শিশা বারে গোলাগুলির দুটি ঘটনায় কমপক্ষে আট ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও গণমাধ্যমসূত্র বলছে, এ ঘটনায় কতজন হামলাকারী ছিল, তা এখনো স্পষ্ট করে জানা যায় নি।

গতকাল (বুধবার) ফ্রাঙ্কফুর্ট থেকে ২০ কিলোমিটার দূরে হ্যানাওয়ের দুটি বার লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা। এর পরপরই পুলিশ হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু করে। পুলিশ বলছে, প্রথম হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় রাত ১০টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘মিডনাইট’ বারে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা এক ডজনের বেশি গুলির শব্দ শুনেছেন। হামলাকারীরা এরপর গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়। এরপর ‘এরেনা’ বারে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে।

জার্মানিতে গোলাগুলির পর পুলিশের তৎপরতা

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মিডনাইট বারের সামনেই তিনজন নিহত হন এবং এরেনা বারের সামনে নিহত হন পাঁচজন। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন মারাত্মক আহত হয়েছেন। মেশিনগানধারী পুলিশ কর্মকর্তাদের শহরে মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সন্দেহভাজন বন্দুকধারীদের আটক করতে অভিযান চলছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায় নি। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে বার্লিনে সন্ত্রাসীদের হামলায় ১২ জন নিহত হয়েছিলেন।

গত জুন মাসে রক্ষণশীল দলের রাজনীতিবিদ ওয়াল্টার লুয়েকিকে হত্যা করে বন্দুকধারীরা। তিনি উদার শরণার্থী নীতি নিয়ে সোচ্চার ছিলেন। গত শুক্রবার পুলিশ জার্মানির একটি চরমপন্থী দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা গত বছর নিউজল্যান্ডের মসজিদে সংঘটিত হামলার মতো বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছিল বলে পুলিশের ধারণা।#

পার্সটুডে/এসআইবি/২০